এবার দক্ষিণ ২৪ পরগনায় চালু হল ভ্যাকসিন ফর হুইলস পরিষেবা
দি নিউজ লায়ন; এবার দক্ষিণ ২৪ পরগনায় চালু হল ভ্যাকসিন ফর হুইলস পরিষেবা। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে এই পরিষেবার উদ্বোধন হল বারুইপুরে। শুক্রবার শংকরপুর ২ পঞ্চায়েতে এই পরিষেবার উদ্বোধন করেন বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, অতিরিক্ত জেলা শাসক শঙ্খ সাঁতরা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায়, মহকুমাশাসক সুমন পোদ্দার, অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক সহ অন্যরা।
মূলত, চলাফেরা করতে অক্ষম, বয়স্ক সহ বিশেষ চাহিদা সম্পন্নদের টিকা দিতেই এই ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। প্রায় ৬০ জন মানুষ এদিন এই টিকা নেন। বারুইপুরের পাশাপাশি ডায়মণ্ডহারবারেও এই পরিষেবা চালু হল এদিন। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বলেন, টিকা সবাইকে নিতে হবে। ভুল প্রচারে বিভ্রান্ত হবেন না। বিজ্ঞানকে কুসংস্কার দিয়ে চাপা দেওয়া যাবে না।
কেন্দ্রের সরকার দায়িত্ব নেয়নি, রাজ্য সরকার সবাইকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে। এদিন অতিরিক্ত জেলা শাসক বলেন, জেলায় সাড়ে ১৫ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া গিয়েছে শুক্রবার পর্যন্ত। ভ্যাকসিনের গাড়ি পৌঁছে যাবে বাড়ির কাছাকাছি কোনো জায়গায়। অন্যদিকে, সোনারপুরেও বিশেষভাবে সক্ষম ও বয়স্কদের কথা ভেবে ভ্যাকসিন অন হুইলস পরিষেবার উদ্বোধন করেন জেলাশাসক পি উলগানাথন। সোনারপুরের আরোগ্য সন্ধান কেন্দ্রে ৭০ জন কে টিকা দেওয়া হয়। জেলায় মোট ৫টি গাড়ি চলবে বলে জানান জেলাশাসক।

Post a Comment